কাজী বিপ্লব হাসান : মুন্সীগঞ্জ জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে শীতকালীন সারাদিনব্যাপী প্রীতি ফুটবল উৎসব ও মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬, সকাল ৯টায় ক্লাবের প্রায় ৮০ জন সাবেক খেলোয়াড়ের অংশগ্রহণে এই মিলনমেলার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সোনালী অতীত ফুটবল ক্লাব চারটি দলে বিভক্ত হয়ে সারাদিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।

প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় অংশ নেন। খেলাগুলো প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন-“প্রত্যেক মানুষেরই খেলাধুলা করা উচিত। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও ভালো স্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে যাঁদের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে, তাঁদের জন্য নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা ও খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোখলেছুর রহমান (খোকন), এনামুল হক ও মো. তপন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন এবং কোষাধ্যক্ষ মোঃ আল ইমরান পলাশ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন কাজী বিপ্লব হাসান, শেখ সিরাজ, সুমন লাল, আওলাদ হোসেনসহ সকল খেলোয়াড়বৃন্দ। খেলা শেষে লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন। দিনব্যাপী এই প্রীতি ফুটবল উৎসব ও মিলনমেলা সাবেক খেলোয়াড়দের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে তোলে।