অনলাইন ডেস্ক: জুয়া চক্রে জড়িত থাকার গুরুতর অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা রাকিবুল হাসান খান রকি গত বুধবার (১৫ জুলাই) পুলিশের গ্রেপ্তারি অভিযানের পর থেকে অফিসে অনুপস্থিত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাকিবুল হাসান খান রকির বিরুদ্ধে জুয়ার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেপ্তার করতে কেন্দ্রীয় ব্যাংকে যায়। ওই টিমের এক সদস্য তাকে ফোন করলে তিনি দ্রুত অফিস ত্যাগ করেন এবং এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত বলে জানা গেছে।
তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নাকি তিনি আত্মগোপনে আছেন- এ বিষয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সহকারী পরিচালক রাকিবুল হাসান খান রকিকে বাংলাদেশ ব্যাংক কর্মচারি বিধিমালার ৪৫(৫) ধারার আওতায় সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী জীবনধারণ ভাতা (খোরপোশ) পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান জানান, তার বিরুদ্ধে জুয়ার কার্যক্রমে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করলে তদন্তাধীন অবস্থায় সেই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।