অনলাইন ডেস্ক: সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করেছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার কিক থেকে দুর্দান্ত এক শর্টে সরাসরি নেপালের জালে বল পাঠান তিনি। তাতে প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর দাঁড়িয়েছে ১-১।
এর আগে ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গোলটি করেছেন নেপালের গীতা রানা।
বুধবার ভারতের গোয়ায় ফাইনালে উঠার লড়াইয়ে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই ছন্নছাড়া। রক্ষণভাগ বেশ কিছুক্ষণ চাপ সামাল দিলেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচের ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় নেপাল। বাংলাদেশের ডি-বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে বল ক্লিয়ার করতে পুরোপুরি ব্যর্থ হন ডিফেন্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান নেপালের গিতা রানা।
১-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মাঝমাঠের বদলে দুই উইং ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরানোর চেষ্টা করতে থাকে তারা। তবে নেপালের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল ফরোয়ার্ডদের।
অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে আসে সেই জাদুকরী মুহূর্ত। দুর্দান্ত এক ‘অলিম্পিক গোলে’ (সরাসরি কর্নার থেকে গোল) নেপালের জালে বল জড়িয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান ঋতুপর্ণা চাকমা। তার এই অবিশ্বাস্য গোলে সমতায় ফিরে নতুন আত্মবিশ্বাস নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বিএম