হোসেন্দী খাল পরিদর্শনে জেলা প্রশাসক, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার (২২ জুলাই) খালটি পরিদর্শনকালে তিনি খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, নাব্যতা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্ষা মৌসুমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খালের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল, নদী এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জনদুর্ভোগ কমানো এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *