কাজী:বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর আমির এ এস এম বায়েজিদ, ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রিফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সততা, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আদর্শিক চর্চা জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করা হবে।