মুন্সীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আবু সাঈদ দেওয়ান সৌরভ : আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুন্সীগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *