অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ০৮ জনে । এই ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক ।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) এবং তার ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে পরিবার জানায়। আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনার বাসিন্দা; তিনি সুরিটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। সকাল সাড়ে ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মুগদা থানার এসআই নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ
রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায়। ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এক পথচারীও আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।