মুন্সীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় তথ্য সুত্রে জানা গেছে। বুধবার (২৬ শে নভেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।


স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, গজারিয়ার চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের (নিহত জয়ের বাবা) সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে নিহত জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়েছিলো এবং সে এখনও চিকিৎসাধীন রয়েছে।

জয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় থাকা অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের লোকজন তাঁকে প্রথমে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আত্মীয়-স্বজনরা দ্রুত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু এই বিষয়ে বলেন, রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এই ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আবু সাঈদ (সৌরভ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *