আবু সাঈদ (সৌরভ) মুন্সীগঞ্জ প্রতিনিধি: মসজিদে হামলা অ-মুসলিমরাও করে না। যারা মসজিদের ভেতরে নামাজরত মানুষের ওপর হামলা চালায়, তারা যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: এমন মন্তব্য করেছেন মীর সরাফত আলী সপু। মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার দুপুর ১২টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগড় উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সপু বলেন, জানাজার নামাজের আগে মাগরিবের নামাজ চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই হামলাকারীরা কার মদদে চলে-তা খতিয়ে দেখতে হবে। সন্ত্রাসীদের কোনো দল নেই। তাদের পক্ষে কেউ সুপারিশ করতে এলে তাকেও গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী অভিযোগ করেন, জানাজার নামাজ আদায়ের জন্য দোহাটায় গেলে মাগরিবের নামাজ চলাকালে সন্ত্রাসী তরিকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এরা মুন্সীগঞ্জ-১ আসনের খসড়া মনোনীত একজন প্রার্থীর মদদে চলে।
তিনি দাবি করেন, গত জানুয়ারি মাসে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করলে ওই খসড়া মনোনীত প্রার্থীর লোকজন তাকে ছিনিয়ে নেয়। শ্রীনগরের মাটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে শ্রীনগর উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আবু সাঈদ (সৌরভ)