মুন্সীগঞ্জ প্রতিনিধি:ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক মো: ইসমাইল নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো: ইমরুল গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
এবং আহত মো. ইমরুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত যানবাহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।