রিযিকের ভয় দূর করে কুরআনে বর্ণিত আল্লাহ তা’আলার ১০টি মূল্যবান বাণী…

১. পৃথিবীর প্রতিটি প্রাণীর রিযিক আল্লাহর দায়িত্বে।

“পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিযিক আল্লাহর দায়িত্বে নেই।”
▪️সূরা হূদ | আয়াত ৬

অনুপ্রেরণা:
তোমার খাবার, তোমার পরিবারের ভরণপোষণ, সবকিছুই তো আল্লাহর দায়িত্বে। তুমি তোমার কাজ করে যাও। তিনি কখনো তোমাকে ভুলে যাবেন না।

২. মুত্তাকীদের জন্য খোলে যায় অভাবনীয় দরজা।

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিযিক দেন যা সে কল্পনাও করে না”।
সূরা আত-তালাক | আয়াত ২–৩

অনুপ্রেরণা:
আল্লাহকে ভয় করে চললে জীবনে রিজিকের এমন সব রাস্তা খুলে যায়, যেগুলোর কথা তুমি স্বপ্নেও ভাবোনি।

৩. উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেন।

“অনেক প্রাণী আছে যারা নিজের রিযিক বহন করে না; আল্লাহই তাদের এবং তোমাদের রিযিক দেন”।
▪️সূরা আল-আনকাবুত | আয়াত-৬০

অনুপ্রেরণা:
সকালে পাখি খালি পেটে বের হয়, সারাদিন খাবারের খোঁজে নিজের চেষ্টা করে যায়। এরপর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তুমিও আল্লাহর উপর ভরসা রাখো, নিজের চেষ্টা করে যাও। আল্লাহ্‌ তোমাকে খালি হাতে ফেরাবেন না।

৪. সন্তানের লালন-পালনের ভয়ে যেন থেমে না যায় জীবন।

“আমিই তাদের রিযিক দিই এবং তোমাদেরও”।
▪️সূরা আল-ইসরা বা বনি ইসরাইল | আয়াত ৩১

অনুপ্রেরণা:
সন্তান হলে খরচ বাড়বে, এই ভয় তোমার ঈমানকে দুর্বল করে দেয়। আল্লাহ তোমার আগে তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন।

৫. আসমানেই লেখা আছে তোমার ভাগ্যের সব কিছু।

“আসমানেই রয়েছে তোমাদের রিযিক এবং প্রতিশ্রুতি”।
▪️সূরা আয-যারিয়াত আয়াত ২২

অনুপ্রেরণা:
তোমার জন্য যা নির্ধারিত, সেটা তোমার কাছেই আসবে, শুধু সময়ের ব্যাপার মাত্র

৬. রিযিক কখনো বাড়ে, কখনো কমে, দুটোতেই রয়েছে আল্লাহ্‌র প্রজ্ঞা।

“আমার প্রতিপালক যাকে চান তার রিযিক বাড়ান, যাকে চান কমান”।

▪️সূরা সাবা | আয়াত ৩৬

অনুপ্রেরণা:
আজকে হয়তো কষ্টে আছো, কিন্তু এটা আল্লাহর পরীক্ষা। হতাশ হয়ো না, তিনি তোমাকে দেখছেন।

৭. সৎ কাজেই লুকিয়ে আছে প্রশান্তির জীবন

“আমি তাকে পবিত্র ও সুন্দর জীবন দান করবো”।
▪️সূরা আন-নাহল | আয়াত -৯৭

অনুপ্রেরণা:
হালাল পথে থাকলে অল্প টাকাতেও মনে শান্তি থাকবে। আর এই শান্তিটাই আসল রিযিক।

৮. হাত গুটিয়ে বসে থাকলে হবে না।

“পৃথিবীতে চলাফেরা করো এবং আল্লাহর রিযিক থেকে খাও”।
▪️সূরা আল-মুলক | আয়াত ১৫

অনুপ্রেরণা:
শুধু দোয়া করলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ প্রচেষ্টাকারীদের পছন্দ করেন।

৯. শোকর করলেই বাড়তে থাকে নেয়ামত।

“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেবো”।
▪️সূরা ইবরাহিম | আয়াত ৭

অনুপ্রেরণা:
যতটুকু আছে তার জন্য আল্লাহর শুকরিয়া কর,দেখবে আস্তে আস্তে আরও বেশি আসতে থাকবে।

১০. সর্বোত্তম রিযিকদাতা তো একজনই- আল্লাহ্‌

“আল্লাহই সর্বোত্তম রিযিকদাতা”।
▪️সূরা আল-জুমু’আ | আয়াত ১১

অনুপ্রেরণা:
বসের কাছে বা ব্যবসার উপর নয়, আসল ভরসা রাখো আল্লাহর উপর। তিনিই তো আসল রিযিকদাতা।

আল্লাহ তা’আলা আমাদের সবাইকে আল্লাহ্‌র দেয়া রিজিকের উপর সন্তুষ্ট থেকে তাঁর কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *