আবু সাঈদ দেওয়ান সৌরভ: শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

রোববার (১০ মে ২০২৬) মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউসে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (এনআইএমসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারীর বিষয়ক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিশু ও মাতৃস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এ খাতে বাংলাদেশের অর্জন এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ কৌশলের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণমূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, দলীয় কাজ ও মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।