মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি বিয়ার বোতল উদ্ধার করা হয়। বুধবার (৩০ শে ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরকেওয়ার নতুন আমঘাটা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি বিয়ার বোতল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, আটক মামুন দেওয়ান পূর্বে মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।